১০ হাজার কর্মী নেবে ওমান, ৫ হাজার কৃষি ও ৫ হাজার মৎস্য শ্রমিক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্য শ্রমিক নেওয়ার কথা জানিয়েছে দেশটি। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তিও সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে শ্রমবাজারসহ দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পরে সাংবাদিকদের শামা ওবায়েদ ইসলাম বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনা হয়েছে। তাদের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছিল। ওমান বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।
তিনি জানান, আগামী মাসে ওমানের আরেকটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে। এরপর কর্মী পাঠানোর বিষয়গুলো চূড়ান্ত করা হবে।
ভিসা চালুর বিষয়ে কূটনৈতিক তৎপরতা
ওমানের ভিসা পুনরায় চালুর বিষয়েও সরকার কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, বিভিন্ন কারণে ওমানের ভিসা বন্ধ রয়েছে। এটি বিগত সরকারের সময়ে হয়েছে। এখন কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশিরা যাতে নিয়মিতভাবে ওমানে যেতে পারেন, সে চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার দক্ষ অভিবাসনের ওপর গুরুত্ব দিচ্ছে। বিষয়টি ওমান সরকারের কাছেও তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী যাতে ওমানে গিয়ে বিভিন্ন খাতে কাজের সুযোগ পান, সে বিষয়ে দুই দেশই আগ্রহী এবং এ নিয়ে কাজ চলছে।
বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও ওমানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি শ্রমিকদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টিও গুরুত্ব পায়।
ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদ ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
তিনি বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও বিস্তৃত করার যথেষ্ট সুযোগ রয়েছে।






















