টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের ইনডোর গেমের পুরস্কার বিতরণ

- সংবাদ প্রকাশের সময় : ০৭:০২:২১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
খেলাধুলার মাধ্যমে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয়ে টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের ইনডোর গেমসের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের বটতলা এলাকার প্রিমিও প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে ইনডোর গেমসে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমাইয়া মমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী শামসুন্নাহার স্বপ্না, অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী এবং জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত।
অনুষ্ঠানে বক্তব্য দেন টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি কামনাশীষ শেখর, সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ইফতেখারুল অনুপমসহ সাংবাদিক নেতারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল ও নাহার চাকলাদার।
প্রধান অতিথির বক্তব্যে এসএম ওবায়দুল হক নাসির বলেন, সাংবাদিকরা তাঁদের লেখনির মাধ্যমে সমাজকে পথ দেখান। সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি আধুনিক টাঙ্গাইল গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
গুজবের নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে জেলা পরিষদের প্রশাসক বলেন, গুজব সব সময় মানুষের অকল্যাণ বয়ে আনে। তাই গুজব প্রতিহত করতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সোচ্চার হতে হবে।
পরে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের আয়োজিত ইনডোর গেমসে বিজয়ী ও বিজিতদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। খেলাধুলার মধ্য দিয়ে সাংবাদিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

























