নকল ঘি তৈরির দায়ে ৩ মাসের কারাদণ্ড, পৃথক অভিযানে জরিমানা

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে নকল ও নিম্নমানের ঘি উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে জেবিএল এন্টারপ্রাইজের মালিক রাজ কুমার চৌধুরীকে (৪১) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে পৃথক অভিযানে অনুমোদনহীন ও নিম্নমানের খাদ্যপণ্য মজুদের দায়ে আরও একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত রাজ কুমার চৌধুরী লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ গ্রামের আকুল চন্দ্র চৌধুরীর ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ সাজা দেন।
র্যাব-১১ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর শহরের কালিবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১১ লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলের কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের জানান, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান চালায়।
অভিযানে জেবিএল এন্টারপ্রাইজে দীর্ঘদিন ধরে ভেজাল ঘি উৎপাদন, সংরক্ষণ, মজুদ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে পণ্যের লেবেলে মিথ্যা তথ্য ও মোড়কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগও পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে রাজ কুমার চৌধুরীকে আটক করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
পৃথক অভিযানে এক লাখ টাকা জরিমানা
এদিকে একই দিন শহরের শাখারীপাড়া এলাকায় পৃথক অভিযান চালানো হয়। সেখানে অনুমোদনহীন ও নিম্নমানের আচার, চানাচুরসহ বিভিন্ন খাদ্যপণ্য মজুদের অভিযোগে সুমন চন্দ্র সাহাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী, খাদ্য পরিদর্শক মোহাম্মদ আবদুল্লা হিল হাকিম, মো. তাজুল ইসলাম, মো. রিয়াজ উদ্দিনসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও র্যাব-১১-এর সদস্যরা উপস্থিত ছিলেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
























