এশার নামাজের পর বেরিয়ে নিখোঁজ, সকালে পুকুরে মিলল ব্যবসায়ীর জবাই করা মরদেহ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
পাবনার সাঁথিয়ায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুর থেকে আব্দুল আজিজ (৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি তিনি। সকালে স্থানীয়রা পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
নিহত আব্দুল আজিজ উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গামাজ গ্রামের প্রয়াত সেকেন সরদারের ছেলে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকার মানিকের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের হন আব্দুল আজিজ। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা তার খোঁজ করলেও কোনো সন্ধান পাননি।
মঙ্গলবার সকালে মিয়াপুর মিনারপাড়া এলাকায় মানিকের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় সাঁথিয়া থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় স্থানীয়রা মরদেহটি আব্দুল আজিজের বলে শনাক্ত করেন।
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, পুকুর থেকে আব্দুল আজিজ নামের এক ব্যক্তির জবাই করা মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। দ্রুত হত্যার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।























