বদলে যাচ্ছে দেশের অর্থবছর, এপ্রিল-মার্চে হবে নতুন হিসাব

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দেশের অর্থবছরের সময়সীমা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে জুলাই থেকে জুন পর্যন্ত অর্থবছর গণনা করা হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়কে অর্থবছর হিসেবে কার্যকর করা হবে।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবর্তনের প্রক্রিয়ায় ২০২৭-২৮ অর্থবছরকে নয় মাসের একটি অন্তর্বর্তী বা ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ ওই অর্থবছর চলবে জুলাই ২০২৭ থেকে মার্চ ২০২৮ পর্যন্ত।
এরপর ২০২৮-২৯ অর্থবছর শুরু হবে ১ এপ্রিল ২০২৮ থেকে এবং শেষ হবে ৩১ মার্চ ২০২৯।
কেন বদলানো হচ্ছে অর্থবছর?
সরকারের ব্যাখ্যা অনুযায়ী, বর্তমান জুলাই-জুন অর্থবছরের কারণে বর্ষাকালেও অবকাঠামো উন্নয়নকাজ চালিয়ে যেতে হয়। জুলাই-আগস্টে ভারী বৃষ্টির কারণে নির্মাণকাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি কাজের মান ক্ষতিগ্রস্ত হয় এবং জনদুর্ভোগও বাড়ে।
এপ্রিল-মার্চ অর্থবছর চালু হলে বর্ষা শুরুর আগেই গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নকাজ শেষ করার সুযোগ তৈরি হবে বলে মনে করছে সরকার।
বদলাতে হবে আইন ও আর্থিক ব্যবস্থাপনার কাঠামো
নতুন অর্থবছর কার্যকর করতে সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। পাশাপাশি সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ডিজিটাল ও প্রযুক্তিগত ব্যবস্থাতেও পরিবর্তন আনতে হবে।
এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।
অর্থাৎ ২০২৭-২৮ হবে পরিবর্তনের বছর, আর ২০২৮-২৯ থেকে বাংলাদেশে কার্যকর হবে এপ্রিল-মার্চ অর্থবছর।




















