রাষ্ট্রপতি নির্বাচনে কার্যকর থাকবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: চিফ হুইপ

- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি। তিনি বলেছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী তাঁর সংসদ সদস্যপদ বাতিল হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ জানান, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে ভোটগ্রহণ চলবে। মনোনয়নপত্র দাখিল ও বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট রাত। সরকারি দলের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী প্রার্থী মনোনয়ন দেবেন এবং মনোনয়নপত্র দাখিলের দিনই প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
নূরুল ইসলাম মণি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সংসদ সদস্যরা তাঁদের আসন ও বিভক্তি নম্বর অনুযায়ী ভোট দেবেন। ভোটগ্রহণ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে দ্রুত ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে। তবে ভোট বাকি থাকলে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করে ফল ঘোষণা করা হবে।
তিনি জানান, সংসদে মোট ৩৪৯ জন ভোটার রয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন এবং সংসদ সচিবালয় তাঁদের প্রয়োজনীয় সহায়তা দেবে।
রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের ভোট দেওয়ার দৃশ্য গণমাধ্যমকে সরাসরি সম্প্রচারের সুযোগ দেওয়া হবে বলেও জানান চিফ হুইপ। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা ও ফলাফল প্রস্তুতের কার্যক্রমও ফল ঘোষণা পর্যন্ত সরাসরি সম্প্রচার করা যাবে।
‘৭০ অনুচ্ছেদ সংশোধন হয়নি, তাই কার্যকর থাকবে’
রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নূরুল ইসলাম মণি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ যেহেতু সংশোধন হয়নি, সুতরাং এটা কার্যকর থাকবে।’
নিজ দলের পছন্দের প্রার্থীর বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সদস্যপদ বাতিল হবে।
তিনি আরও বলেন, জুলাই সনদে ৭০ অনুচ্ছেদ নিয়ে চারটি ক্ষেত্রে ঐকমত্য হয়েছে, যার একটি রাষ্ট্রপতি নির্বাচন। জুলাই সনদ বাস্তবায়ন হলেও রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে।
বিরোধী দলের প্রার্থী অলি আহমদ
বৈঠক শেষে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, ১১ দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, প্রায় ৩৫ বছর ধরে দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। গণতন্ত্রের স্বার্থে অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। বিরোধী দল নির্বাচনটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে দিতে চায়নি বলেই প্রার্থী দিয়েছে।
নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈঠকে প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
‘সংবিধান সংস্কার পরিষদের প্রয়োজন নেই’
সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে নূরুল ইসলাম মণি বলেন, এ ধরনের পরিষদ গঠনের প্রয়োজন নেই। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান সংশোধনের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করা হবে।
ভারতের সংবিধানের উদাহরণ দিয়ে তিনি বলেন, ১৯৫০ সালে সংবিধান গ্রহণের পর ২০২৪ সাল পর্যন্ত দেশটির সংবিধান ১০৬ বার সংশোধন করা হয়েছে। প্রতিবার সংশোধনের মাধ্যমে পরিবর্তন আনা হয়েছে, নতুন করে সংবিধান রচনা বা সংবিধান সংশোধন পরিষদ গঠন করা হয়নি।
তিনি বলেন, ‘জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি দাঁড়ি, কমা ও সেমিকোলন যেভাবে আছে, সেভাবেই আমরা বাস্তবায়ন করবো। সবাই মিলে যে সনদে স্বাক্ষর করেছি, সেটিই বাস্তবায়ন করা আমাদের কমিটমেন্ট।’
চিফ হুইপ জানান, জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে আগামী সংসদ অধিবেশনেই একটি নতুন বিল আনা হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় সব কার্যক্রম সরকার গ্রহণ করবে।




















