বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে: প্রধানমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির সাক্ষাতের বিষয়টি জানান।
সাক্ষাতে অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের সদস্যরা জানান, প্রায় দুই মাস আগে অ্যামচেমের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে কাজ করছে।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ বর্তমানে অনুকূল। বিদেশি বিনিয়োগকারীরা যাতে নির্বিঘ্নে বিনিয়োগ করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।
সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।




















