পুলিশ হবে জনবান্ধব, দলীয় প্রভাবমুক্ত ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন : স্বরাষ্ট্রমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
পুলিশ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়; বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনই হবে বাহিনীর প্রধান অঙ্গীকার—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আধুনিক, প্রযুক্তিনির্ভর, দলীয় প্রভাবমুক্ত ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। দুর্নীতির বিরুদ্ধে বাহিনীকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে।
রোববার (২ আগস্ট) রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় দেড় যুগ আগে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচ নানা ধরনের বঞ্চনা ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছিল। দীর্ঘ ১৮ বছর পর তারা রাষ্ট্রের সেবায় নিজেদের ভূমিকা রাখার সুযোগ পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ব্যাচের কর্মকর্তারা শৃঙ্খলা ও চেইন অব কমান্ড বজায় রেখে আইনের শাসন প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, আগের সরকারের সময়ে অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও নানা সংকট ও ক্ষতির মুখে পড়ে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাহিনীকে আরও পেশাদার, জবাবদিহিমূলক ও জনমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ জানান, শৃঙ্খলাভঙ্গ বা অপরাধে জড়িত কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল অপরাধ ও সাইবার নিরাপত্তা মোকাবিলায় দক্ষতা অর্জন করতে হবে। জনগণের আস্থা অর্জনের একমাত্র উপায় হলো সততা, পেশাদারিত্ব ও মানবিক আচরণের মাধ্যমে প্রকৃত অর্থে জনগণের বন্ধু হিসেবে কাজ করা।
















