চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে
এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলার পরীক্ষাগুলো আগের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত থাকবে।
রোববার (১২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও যথারীতি চলবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলোও স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা এবং ওই অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ১৩ জুলাই (সোমবার), ১৫ জুলাই (বুধবার) এবং ১৬ জুলাই (বৃহস্পতিবার) নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।




















