বর্জ্য থেকেই বিদ্যুৎ, ঢাকার দুই মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর তাগিদ

- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুটি ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ (Waste-to-Energy) প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিনবাজারে চীনের সিএমইসি গ্রুপ একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে বিনিয়োগ করবে। প্রতিদিন প্রায় তিন হাজার টন বর্জ্য ব্যবহার করে এই কেন্দ্র থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ২০২৮ সালের আগস্ট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে টানা ২৫ বছর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইলে দক্ষিণ কোরিয়ার বি অ্যান্ড এফ কোম্পানি বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। এই প্রকল্পে বছরে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদন হবে, যা থেকে প্রায় ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করা যাবে। দৈনিক উৎপাদন সক্ষমতা হবে প্রায় ২২১ মেগাওয়াট-ঘণ্টা।
এ ছাড়া প্রকল্পটির আওতায় সৌরবিদ্যুৎ, জৈব সার, পশুখাদ্য এবং পরিবেশবান্ধব ইকো-ব্রিকস উৎপাদনেরও পরিকল্পনা রয়েছে। প্রতিদিন প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টন বর্জ্য ব্যবহারের মাধ্যমে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছে সরকার।
বৈঠকে জানানো হয়, প্রকল্প দুটি শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৈশ্বিক উষ্ণায়ন প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করতে স্থানীয় সরকার, বিদ্যুৎ এবং পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে দ্রুত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন এবং সর্বাধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















