ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকা বাজেট ঘোষণা

- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯০৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টায় ফুলবাড়ী পৌরসভা মিলনায়তনে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ছামিউল ইসলাম।
আশরাফ পারভেজ এর সঞ্চালনায় পৌর হিসাবরক্ষক সাজেদুর রহমান এবং কোষাধ্যক্ষ শেখ সাহার আলী মতির সহযোগিতায় এই বাজেট উপস্থাপন করা হয়।
ঘোষিত বাজেট অনুযায়ী, আগামী অর্থবছরে পৌরসভার মোট আয় ধরা হয়েছে ৬২ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৫৪০ টাকা। এর মধ্যে রাজস্ব হিসাবের উপাংশ-১ থেকে ৫ কোটি ৯১ লাখ ৭৩ হাজার ৪০ টাকা, উপাংশ-২ থেকে ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা এবং উন্নয়ন খাতে ৫৬ কোটি ৪০ লাখ টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে মোট ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৫৮৮ টাকা। এর মধ্যে রাজস্ব হিসাবের উপাংশ-১-এ ৫ কোটি ৯৯ লাখ ৬২ হাজার ৫৮৮ টাকা, উপাংশ-২-এ ১ লাখ ১৯ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ৫৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।
বাজেটে প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৩২ লাখ ৮৬ হাজার ১১৭ টাকা। সমাপনী স্থিতি হিসেবে রাজস্ব হিসাবের উপাংশ-১-এ ২৪ লাখ ৯৬ হাজার ৫৬৯ টাকা ৪ পয়সা এবং উপাংশ-২-এ ২ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা ৭৯ পয়সা উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে বাজেটের মোট আকার দাঁড়িয়েছে ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯০৩ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজেদুর রহমান সাজু, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহসীন আলী, তেল-গ্যাস-খনিজ সম্পদ, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, সহকারী অধ্যাপক সাংবাদিক আজিজুল হক সরকার, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি আবু শহীদ, সাংবাদিক শেখ সাব্বির আলী, সাংবাদিক রজব আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক ছামিউল ইসলাম বলেন, জনগণের প্রত্যাশা ও নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বাস্তবমুখী ও উন্নয়নবান্ধব বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌরসভার অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, নিরাপদ পানি সরবরাহ এবং নাগরিক সেবার মান বৃদ্ধিতে এ বাজেট গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাজেট অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১২টায় পৌরসভা মিলনায়তনে শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।


















