হামের ভয়াবহতা বাড়ছেই: ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও এর তীব্র উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮৭ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে, যা জনস্বাস্থ্য পরিস্থিতিকে আরও শঙ্কাজনক করে তুলেছে।
রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে ৪ শিশুর প্রাণ গেছে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে।
পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের প্রাদুর্ভাবের মধ্যে এ পর্যন্ত দেশজুড়ে মোট ৬২০ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষার মাধ্যমে ৬৬ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ২২১ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ৭৯ হাজার ১২ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৬৮৬ জনের শরীরে রোগটি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ হাজার ২৬৩ জন। তাদের মধ্যে ৬০ হাজার ৮৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তবে প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে রোগীর চাপও বাড়ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করা, শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।





















