দেশবিরোধী শক্তির আর উত্থান হতে দেওয়া যাবে না: নার্গিস বেগম
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১১:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর দেশে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। এখন সময় জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার। একই সঙ্গে এমন একটি রাষ্ট্র বিনির্মাণ করতে হবে, যেখানে ভবিষ্যতে আর কোনো দেশবিরোধী শক্তির উত্থান ঘটতে না পারে।
শনিবার (৬ জুন) যশোর জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।
সকালে জেলা বিএনপি কার্যালয়ে প্রতিযোগিতার উদ্বোধন এবং বিকেলে যশোর পৌর কমিউনিটি সেন্টারে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অধ্যাপক নার্গিস বেগম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের কর্মক্ষমতা ও আত্মবিশ্বাস জাগিয়ে জাতীয় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। তাঁর আদর্শ ও দর্শনের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে জিয়াউর রহমান ‘নতুন কুঁড়ি’র মতো উদ্যোগ চালু করেছিলেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর সেই চর্চা আবার শুরু হয়েছে। শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিশুদের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
নারীর ক্ষমতায়নে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে নার্গিস বেগম বলেন, তিনি নারীদের ঘরবন্দি জীবন থেকে বের করে কর্মসংস্থান ও রাষ্ট্র গঠনের মূলধারায় যুক্ত করেছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই অগ্রযাত্রাকে আরও বিস্তৃত করেন।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে নতুন করে শপথ নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো দেশবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব কেউ হরণ করতে না পারে। জনগণকে বিভ্রান্ত করার যেকোনো অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার, যুগ্ম সম্পাদক রাফাত আরা ডলি, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফিরোজা মোস্তফা, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী ও সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ।





















