মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করেছে জাতিসংঘ।
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। শনিবার (৬ জুন) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন বিষয়টি নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব António Guterres নিহত শান্তিরক্ষীদের পক্ষে পদকগুলো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি Salahuddin Noman Chowdhury-এর হাতে তুলে দেন।
মরণোত্তর সম্মাননা পাওয়া বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন—প্রাইভেট সান্তো মণ্ডল,,প্রাইভেট শামীম রেজা, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম,প্রাইভেট মো. সবুজ মিয়া, প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, কর্পোরাল মো. মাসুদ রানা।
তারা ২০২৫ সালের ১৩ ডিসেম্বর United Nations Interim Security Force for Abyei-এর অধীনে দায়িত্ব পালনকালে এক ড্রোন হামলায় নিহত হন।
অনুষ্ঠানে মহাসচিব আন্তোনিও গুতেরেস ১৯৪৮ সাল থেকে শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে নিহত প্রায় সাড়ে চার হাজার শান্তিরক্ষীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন মিশনে কর্মরত ৫০ হাজারের বেশি শান্তিরক্ষীর অবদানের কথাও তুলে ধরেন।
চলতি বছর বিশ্বের ৩৩টি দেশের ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে।
অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইতে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, Dag Hammarskjöld Medal ১৯৯৭ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উদ্যোগে চালু করা হয়। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে নিহত সামরিক, পুলিশ ও বেসামরিক সদস্যদের আত্মত্যাগ ও অবদানের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ মরণোত্তর পদক প্রদান করা হয়।
























