দেশের ১৩তম সিটি করপোরেশন হলো বগুড়া, গেজেট প্রকাশ
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
বগুড়া পৌরসভা ও আশপাশের সম্প্রসারিত এলাকা নিয়ে নতুন সিটি করপোরেশন গঠন করেছে সরকার। এর মাধ্যমে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করলো বগুড়া সিটি করপোরেশন। নতুন এ সিটিতে মোট ২১টি ওয়ার্ড রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়।
একইসঙ্গে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের প্রথম তফসিল সংশোধন করে সেখানে বগুড়া সিটি করপোরেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে গত ৭ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
নতুন সিটি করপোরেশনের সীমানা নির্ধারণে উত্তরে রাখা হয়েছে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন, রাজাপুর ইউনিয়নের অংশ এবং শাখারিয়া ইউনিয়ন। দক্ষিণে অন্তর্ভুক্ত হয়েছে শাজাহানপুর উপজেলার আশেকপুর, মাদলা ও মাঝিড়া ইউনিয়নের অংশবিশেষ।
পূর্ব সীমান্তে রয়েছে সাবগ্রাম, রাজাপুর ও মাদলা ইউনিয়নের অংশ। আর পশ্চিমে অন্তর্ভুক্ত করা হয়েছে ফাঁপোড় ও এরুলিয়া ইউনিয়ন।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী বিদ্যমান বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকা নিয়ে সিটি করপোরেশন গঠনের উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে জনমত যাচাইয়ের জন্য বগুড়া জেলা প্রশাসককে গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল।
পরে জেলা প্রশাসন প্রয়োজনীয় কার্যক্রম শেষে সিটি করপোরেশন প্রতিষ্ঠার পক্ষে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই সরকার আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত কার্যকর করেছে।
























