দুই দশক ধরে দখল, মদিনা গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫০:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
রাজধানীর লালবাগ এলাকায় সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা মদিনা গ্রুপ-এর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকার জেলা প্রশাসন। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে দখলে থাকা এসব স্থাপনা ভেঙে সরকারি জমির দখল পুনরুদ্ধার করা হয়েছে।
বুধবার (১৩ মে) ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, লালবাগ মৌজার ১ নম্বর খাস খতিয়ানের সরকারি জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ব্যবহার করে আসছিল মদিনা গ্রুপ। এ ঘটনায় উচ্ছেদ মোকদ্দমার ভিত্তিতে গত ১৩ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) দখল পুনরুদ্ধারে প্রয়োজনীয় চিঠি ইস্যু করেন।
পরে দখলদার পক্ষ উচ্চ আদালতে রিট করে স্থগিতাদেশ নিলেও সরকারপক্ষ সিভিল বিবিধ মামলা দায়ের করলে গত ১২ মে চেম্বার জজ আদালত আগের স্থগিতাদেশ স্থগিত করেন। এরপরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সরকারি জমি দখল করে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আদালতের নির্দেশনা অনুসরণ করেই সরকারি জমি উদ্ধার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, “সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে এসব জমি দখল করতে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
স্থানীয় বাসিন্দারা এ অভিযানকে সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের দখলে থাকা সরকারি জমি উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।



























