মমতার ‘সাদা চেয়ার’ এবার বিরোধী দলনেতার ঘরে
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বিধানসভার ক্ষমতার পালাবদলের সঙ্গে বদলে গেল বহুদিনের পরিচিত এক প্রতীকও। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত সাদা মখমল গদিওয়ালা কাঠের চেয়ারটি সরিয়ে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই চেয়ারে বসতে অনাগ্রহ প্রকাশ করায় আনা হচ্ছে নতুন চেয়ার।
বিধানসভা সূত্রে জানা গেছে, এতদিন অধিবেশন চলাকালে নির্দিষ্ট কক্ষে ওই চেয়ারেই বসে প্রশাসনিক কাজ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রীর নামফলকের পাশাপাশি বদলেছে সেই চেয়ারও।
৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভবানীপুরে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির নেতৃত্বে সরকার গঠন করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান শুভেন্দু অধিকারী। এরপর থেকেই বিধানসভায় নতুন সরকারের প্রস্তুতি শুরু হয়।
জানা গেছে, মমতার ব্যবহৃত চেয়ারটি এখন বিরোধী দলের কক্ষে স্থানান্তর করা হয়েছে। সেখানে তৃণমূল, আইএসএফ, কংগ্রেস ও সিপিএমের বিধায়কেরা বসবেন। তৃণমূলের সদস্য সংখ্যাই বেশি হওয়ায় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধু আসবাব বদলের ঘটনা নয়; বরং ক্ষমতার পরিবর্তনের একটি প্রতীকী বার্তাও বহন করছে।


























