ব্র্যাক ইউনিভার্সিটিতে ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিইউএফটি
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘কিকফেস্ট-২০২৬’ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতার শিরোপা জিতেছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)।
বুধবার (৬ মে) অনুষ্ঠিত ফাইনালে বিইউএফটি টাইব্রেকারে ৩-১ গোলে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশকে (ডব্লিউইউবি) পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতাটি শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বিইউএফটির গোলরক্ষক মশিউরের নৈপুণ্যে দলটি জয় নিশ্চিত করে।
চ্যাম্পিয়ন দল হিসেবে বিইউএফটি ৫০ হাজার টাকা পুরস্কার লাভ করে। রানারআপ ডব্লিউইউবি পেয়েছে ৩০ হাজার টাকা।
টুর্নামেন্টে বিইউএফটির রেজাউল ইসলাম হিরো ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচিত হন এবং ৫ হাজার টাকা পুরস্কার পান। একই দলের মশিউর রহমান সেরা গোলরক্ষক ও ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ডব্লিউইউবির আবদুল কাদের পাভেল হন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা।
ব্র্যাক ইউনিভার্সিটির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই দুই দিনব্যাপী ফুটসাল টুর্নামেন্টটি ৫ ও ৬ মে অনুষ্ঠিত হয়। ব্র্যাক ইউনিভার্সিটি স্পোর্টস অ্যান্ড ফিটনেস এবং ব্র্যাক ইউনিভার্সিটি ফুটবল ক্লাব যৌথভাবে এ আয়োজন করে।
এতে দেশের ১২টি শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। প্রাথমিক পর্ব শেষে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বিইউএফটি, ইউল্যাব, আইইউটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ডব্লিউইউবি।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি)। অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্যসহ বিভিন্ন শিক্ষক ও অতিথিরা উপস্থিত ছিলেন।


























