ট্রাম্পকে হত্যার ছক! মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে পরপর গুলি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
মার্কিন গোয়েন্দাদের হেফাজতে হোয়াইট হাউসে হামলাকারী যুবক (বাঁ দিকে) । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে আবারও নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। হোয়াইট হাউসে এক নৈশভোজ অনুষ্ঠানের সময় গুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এতে প্রেসিডেন্ট বা উপস্থিত অন্য কোনো শীর্ষ কর্মকর্তা আহত হননি।
শনিবার (২৫ এপ্রিল) রাতে আয়োজিত ওই অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সসহ প্রায় ২,৬০০ অতিথি।
প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, এক যুবক আচমকা নিরাপত্তা বলয় ভেঙে এগিয়ে আসার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেয় সিক্রেট সার্ভিস। অভিযুক্তকে গুলি করে আটক করা হয়। ঘটনায় নিরাপত্তা বাহিনীর এক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, হামলাকারী অস্ত্রসহ এগিয়ে আসছিল এবং দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের বিপদ ঘটতে পারত। তিনি সিক্রেট সার্ভিসের তৎপরতার প্রশংসা করেন।
ঘটনার পর হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। তিনি জানান, ভবিষ্যতে আরও আধুনিক ও সুরক্ষিত অবকাঠামো—বিশেষ করে নতুন বলরুম নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে, যেখানে বুলেটপ্রুফ ও ড্রোন প্রতিরোধ ব্যবস্থা থাকবে।
এই ঘটনায় তদন্ত শুরু করেছে Federal Bureau of Investigation (এফবিআই)। সংস্থার প্রধান কাশ পটেল প্রত্যক্ষদর্শীদের তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে, হামলার উদ্দেশ্য বা অভিযুক্তের প্রকৃত লক্ষ্য এখনও স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্পকে ঘিরে একাধিক নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে এ ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

























