তিন জেলায় বন্যার শঙ্কা: নদীর পানি বাড়ছে
- সংবাদ প্রকাশের সময় : ০৩:২৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ২২ বার পড়া হয়েছে
সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে প্রাক-মৌসুমি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উজান ও দেশের অভ্যন্তরে টানা ভারী বৃষ্টিপাতের কারণে সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াইসহ প্রধান নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, আগামী তিন দিনের মধ্যে সুরমা, কুশিয়ারা, খোয়াই ও জুড়ি নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করতে পারে। বর্তমানে নদীগুলোর পানি বিপৎসীমার নিচে থাকলেও মঙ্গলবার সকাল থেকে পানির স্তর দ্রুত বাড়ছে। একই সঙ্গে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ভুগাই-কংস এবং ধনু-বাউলাই নদীতেও পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় পৌঁছাতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ২৮ এপ্রিল সকাল ১১টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টা সারাদেশে বজ্রসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট অঞ্চলে বৃষ্টিপাত ৮৮ মিলিমিটারের বেশি হতে পারে, যা বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।























