গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
“সরকারী খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৬ পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এই দিবসটি পালন করা হয়।
সকাল ৯ টার দিকে আদালত প্রাঙ্গনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিবসটির কর্মসুচি উদ্বোধন করেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জর্জ মোঃ রেজাউল করিম সরকার। এরপর একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে অংশ নেয় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, সিভিল সার্জন রফিকুজ্জামান।
সড়ক প্রদক্ষিণ শেষে আদালত ভবনের সম্মেলন কক্ষে ঘন্টাব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুগ্ন ও দায়রা জর্জ অলরাম কার্জীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট,মোঃ মাহবুবুর রহমান, নারী ও শিশু ট্রাইবুন্যালের-১ এর বিচারক মেরিনা সুলতানা সহ জেলা জর্জ কোর্টের বিভিন্ন পর্যায়ের বিচারকগন। এছাড়াও আইনজীবী সমিতির আহব্বায়ক সেকেন্দার আজম আনাম, জিপি আব্দুল মজিদ, পিপি আব্দুল হালিমসহ স্থানীয় বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিবসটি পালনের মুল লক্ষ্য হচ্ছে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিকরা। আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষকে বিনা খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ২০০০ সালের আইন অনুযায়ী ২০১৩ সাল থেকে এই দিবস পালিত হচ্ছে।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে এ্যাডভোকেট রেজোয়ানুল মন্ডল, এ্যাডভোকেট আহম্মেদ নাজমুল হুদা নামে দুই জন আইনজীবীর হাতে সম্মননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।






















