যুদ্ধ থামাতে মরিয়া ট্রাম্প এবার পাকিস্তানে যাচ্ছেন!
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
যুদ্ধ থামাতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই এবার ইরানের সঙ্গে সমঝোতা করতে নিজেই পাকিস্তানের মাটিতে পা রাখতে চলেছেন।
সংবাদসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে তেমনটাই দাবি করা হচ্ছে। যদিও তিনি আলোচনায় সশরীরে না কি ভার্চুয়ালি যোগ দেবেন, তা এখনও স্পষ্ট নয়। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ওদের সঙ্গে দেখা করতে আমার কোনও সমস্যা নেই। যদি তারা দেখা করতে চায়, তাহলে আমিও প্রস্তুত।”
বুধবার (২২ এপ্রিল) শেষ হচ্ছে ইরান-আমেরিকার সংঘর্ষবিরতির মেয়াদ। তার আগে সোমবার ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি বৈঠক অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে তাতে জল ঢেলে দেয় ইরান।
তেহরানের তরফে জানানো হয়, আমেরিকা অযৌক্তিক দাবি করছে। একেক বার একেক রকম কথা বলছে। স্ব-বিরোধী মতামত দিচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার, ইরানের বন্দরগুলিতে তারা জাহাজ চলাচলে অবরোধ করে রেখেছে। এই সব কারণ তুলে ধরে ইরান জানিয়েছে, এই শান্তি বৈঠকে অংশ নেবে না তারা। যদিও ওয়াশিংটন দাবি করেছে, ইসলামাবাদেই অনুষ্ঠিত হবে দ্বিতীয় শান্তি বৈঠক। পাকিস্তানের একটি সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, দু’পক্ষের মধ্যে যে সমস্যা সৃষ্টি হয়েছিল, তা মিটে গিয়েছে। বুধবারই অনুষ্ঠিত হতে চলেছে শান্তি আলোচনা।
তেহরান অভিযোগ করে, যুক্তরাষ্ট্র বারবার অবস্থান বদল করছে এবং তাদের বন্দরগুলোতে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে। এসব কারণ দেখিয়ে তারা আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দেয়।
অন্যদিকে ওয়াশিংটন দাবি করছে, আলোচনার নতুন পর্ব ইসলামাবাদেই অনুষ্ঠিত হবে এবং দুই পক্ষের মধ্যে কিছু অগ্রগতি হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র মূলত বৈশ্বিক তেল বাজার স্থিতিশীল রাখা এবং ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করতে চায়। অন্যদিকে ইরান অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পারমাণবিক কর্মসূচি বজায় রাখার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে।
এ অবস্থায় কূটনৈতিক অচলাবস্থা কাটাতে পাকিস্তানকে সম্ভাব্য মধ্যস্থতার মঞ্চ হিসেবে দেখা হচ্ছে, যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত হয়নি।


























