ঈদের দিনে ঝড়-বৃষ্টির শঙ্কা, ব্যাহত হতে পারে ঈদ জামাত
- সংবাদ প্রকাশের সময় : ০১:০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতরের দিন দেশজুড়ে ঝড়-বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ঈদের দিনই আবহাওয়া সবচেয়ে বেশি বৈরী থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বৃহস্পতিবার (১৯ মার্চ) গণমাধ্যমকে সংস্থাটি জানায়, ঈদের আগের দিন থেকে শুরু করে পরবর্তী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে খোলা স্থানে ঈদের জামাত বিঘ্নিত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের আগের রাতেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় প্রবেশ করতে পারে। ঈদের দিন সকালে তা দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ঈদের নামাজের সময় ঝড়-বৃষ্টির উচ্চ সম্ভাবনা রয়েছে। সকাল থেকে দুপুরের মধ্যে ঝড়টি রংপুর ও রাজশাহী হয়ে দেশের অন্যান্য অঞ্চলে বিস্তৃত হতে পারে এবং দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগেও পৌঁছাতে পারে।
এছাড়া বিকেলে দ্বিতীয় দফায় আরও ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকায় সারাদিনই আবহাওয়া বৈরী থাকতে পারে।
ঈদের আগের দিন শুক্রবার (২০ মার্চ) দুপুরের পর থেকেই আবহাওয়ার অবনতি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে ঈদের পরের দিন থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। উপকূলীয় এলাকায় ভোরের দিকে বৃষ্টিপাত থাকলেও দিনের বেলায় দেশের বেশিরভাগ অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে সংস্থাটি।





















