গুমের মামলায় শেখ হাসিনার বিচার শুরু
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
গুম করে নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং ১০ সামরিক কর্মকর্তাসহ ১৭ আসামির বিরুদ্ধে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অভিযোগ গঠন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ সংক্রান্ত আদেশ দেন।
এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। গত রোববার র্যাবের আয়নাঘরে গুম করে নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দুদিন পেছান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এই মামলায় ১৭ জন আসামির মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা সবাই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা। তাদের মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম ও কে এম আজাদ। এ ছাড়া কর্নেল আবদুল্লাহ আল মোমেন এবং অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা আনোয়ার লতিফ খান, লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেমও গ্রেপ্তার তালিকায় রয়েছেন।
অন্যদিকে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ সাতজন আসামি এখনো পলাতক রয়েছেন।
আওয়ামী লীগের শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী ও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ ৩০ জনের বিরুদ্ধে গত ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত ১১ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ১৫ জন কর্মরত সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানায় সেনাবাহিনী।




















