মুচলেকায় জামিন পেলেন হিরো আলম
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫০:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
রাজধানীর হাতিরঝিল থানায় সাবেক স্ত্রীর দায়ের করা হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতার হওয়ার পর জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।
শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালতে শুনানি শেষে তাকে ২০০ টাকার মুচলেকায় জামিন দেওয়া হয়।
এর আগে দুপুরে হিরো আলমকে পুলিশ আদালতে হাজির করে এবং বিকেল এজলাসে তোলা হলে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। বাদীপক্ষ জামিনের বিরোধিতা করলেও আদালত আবেদন মঞ্জুর করেন। এসময় মামলার বাদী রিয়া মনি আদালতে উপস্থিত ছিলেন।
গত ২৩ জুন রিয়া মনি বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে এই মামলা করেন।
এরপর বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এই গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন।
গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়। সেই সময়ে হিরো আলমসহ ১০/১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করে।
হামলায় বাদীর শরীরে জখম সৃষ্টি হয়। এ সময় তার গলায় থাকা ‘দেড় ভরি’ ওজনের স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগে বলা হয়েছে।





















