বিএনপি-এনসিপি উত্তেজনা, জিইসি মোড়ে সভা-সমাবেশ নিষিদ্ধ
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সোমবার (১৮ মে) সকালে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করেন। আদেশে উল্লেখ করা হয়, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় ওই এলাকায় সব ধরনের রাজনৈতিক ও জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এর আগে রোববার (১৭ মে) রাতে নগরীর টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান-সম্পর্কিত গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ তুলে বিক্ষোভ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এদিকে মেয়র ডা. শাহাদাত হোসেন এক বিবৃতিতে জানান, নগরীতে কোনো গ্রাফিতি মুছে ফেলার নির্দেশ তিনি দেননি। তিনি বলেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে সৌন্দর্যবর্ধন ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহ দেওয়া হচ্ছে, তবে কোনো ধরনের ঐতিহাসিক বা সামাজিক গুরুত্ববহ গ্রাফিতি অপসারণের নির্দেশ সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া হয়নি।
ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন এ নিষেধাজ্ঞা জারি করে।




















