ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ আমিরাতের

- সংবাদ প্রকাশের সময় : ১২:০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দুবাইয়ে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এ অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
রোববার (২৯ নভেম্বর) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রত্যাশা ব্যক্ত করে আমন্ত্রণ জানিয়েছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ।
আমন্ত্রণবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের অব্যাহত সাফল্য এবং সমৃদ্ধি কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে মানবজাতির জন্য সুন্দর ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন বলেও উল্লেখ করেন।
সম্মেলনের প্রতিপাদ্য ‘ভবিষ্যতের সরকার গঠন’
তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ বা ‘ভবিষ্যতের সরকার গঠন’।
এটি একটি আন্তর্জাতিক সম্মেলন, যেখানে বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ, শাসনব্যবস্থার নতুন পদ্ধতি ও নীতিগত উদ্ভাবন নিয়ে আলোচনা হয়।
বার্ষিক এ আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলো নিজেদের অভিজ্ঞতা বিনিময়, নীতিগত উদ্ভাবন তুলে ধরা এবং জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার সুযোগ পায়।
২০২৬ সালের সম্মেলনে অংশ নেন ৬ হাজারের বেশি প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সম্মেলনে ৬০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০০ জনের বেশি মন্ত্রী এবং ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন। সব মিলিয়ে ওই আয়োজনে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৬ হাজারের বেশি।
ভবিষ্যতের শাসনব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক সংলাপ জোরদার করা, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই অগ্রগতির লক্ষ্যে যৌথ কৌশল তৈরি করাই এ সম্মেলনের মূল উদ্দেশ্য।






















