প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতি, জাতীয় পদক পেল আকিজ এগ্রো ফিড

- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
প্রাণিসম্পদ খাতে অবদান, মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন এবং বাজারজাতকরণে ভূমিকার স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬’ অর্জন করেছে আকিজ এগ্রো ফিড লিমিটেড। এ বছর রৌপ্য পদক পেয়েছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠানটি।
বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ.টি.এম. হাবিব উল্লাহ, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, আকিজ এগ্রো ফিডের হেড অব অপারেশন্স মো. শাহীন শরীফ, হেড অব প্ল্যান্ট ইঞ্জিনিয়ার মো. আবদুল হাকিম, আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমীন এবং আকিজ এগ্রো ফিডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আরিফুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পদক অর্জনের প্রতিক্রিয়ায় শেখ জসিম উদ্দিন বলেন, জাতীয় পর্যায়ের এ স্বীকৃতি প্রতিষ্ঠানের জন্য গর্ব ও অনুপ্রেরণার। মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি এ অর্জন। ভবিষ্যতেও গুণগত মান, উদ্ভাবন ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতে আরও কার্যকর অবদান রাখার লক্ষ্য রয়েছে।
আকিজ এগ্রো ফিডের সিইও এ.টি.এম. হাবিব উল্লাহ বলেন, জাতীয় প্রাণিসম্পদ পদক অর্জন প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ স্বীকৃতি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের সমৃদ্ধি, দায়িত্বশীল শিল্পায়ন ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি গুণগত মান ও ব্যবসায়িক উৎকর্ষ অর্জনের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও আধুনিকায়নে ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদানকে উৎসাহিত করতে প্রতিবছর জাতীয় প্রাণিসম্পদ পদক দিয়ে থাকে সরকার। এ স্বীকৃতির মাধ্যমে খাতটির উৎপাদন, ব্যবস্থাপনা ও উন্নয়নে অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা হয়।
আকিজ এগ্রো ফিড লিমিটেড সারা দেশে পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্য উৎপাদন ও সরবরাহ করে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক খামারিদের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ভূমিকা রাখছে তারা।


























