সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার, কোন মামলায় জানে না ডিবি

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ডরিনকে গ্রেপ্তার করে। তাঁর গ্রেপ্তারের বিষয়টি গোয়েন্দা সূত্র নিশ্চিত করলেও কোন মামলায় এবং ঠিক কখন তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ডিবি সূত্রের তথ্য অনুযায়ী, ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় বসবাস করছিলেন।
২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যাকাণ্ডের ঘটনার পর আলোচনায় আসেন তাঁর মেয়ে ডরিন। বাবার নিখোঁজ হওয়ার পর বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দেন তিনি। পরবর্তী সময়ে বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সরব ছিলেন।
এদিকে ডরিনকে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি ডিবি। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে।
























