বিস্ফোরক মামলায় আনারের মেয়ে ডরিনের ৩ দিনের রিমান্ড

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন নাফিজ ডরিনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রিমান্ড আবেদনে যেসব অভিযোগ
তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ডরিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক। মামলার অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে দেশবিরোধী কার্যকলাপে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, ঘটনার সঙ্গে ডরিনের সম্পৃক্ততার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। অজ্ঞাতনামা পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।
যে ঘটনায় বিস্ফোরক আইনে মামলা
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী থানার একটি টহল দল যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় তারা খবর পায়, যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে পাকা সড়কে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। নৈরাজ্য ও আতঙ্ক সৃষ্টি এবং জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত পায়। সেখান থেকে লাল টেপ মোড়ানো কৌটার পোড়া অংশ, কৌটার অন্যান্য অংশ, একটি ছোট টিনের টুকরা, ১২টি তারকাঁটা এবং একটি ছোট কাচের টুকরা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরদিন ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলাতেই ডরিনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালতের আদেশে এখন তিন দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
























