পবিপ্রবিতে তিন কর্মকর্তার সহকারী অধ্যাপক পদে যোগদান

- সংবাদ প্রকাশের সময় : ০৬:১২:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আপিল বিভাগের আদেশের পর ২২ নভেম্বর যোগদান; নিয়োগ নিয়ে রিটের কার্যকারিতা স্থগিতের দাবি বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের
দীর্ঘদিনের আইনি জটিলতা শেষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) তিন কর্মকর্তা সহকারী অধ্যাপক পদে যোগদান করেছেন। গত ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান, কৃষিতত্ত্ব ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগে তাঁরা যোগ দেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পর তাঁদের যোগদানের পথ তৈরি হয়।
যোগদানকারী তিনজন হলেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এবং রেজিস্ট্রার কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. জিনাত নাসরিন সুলতানা। তাঁরা তিনজনই পবিপ্রবির সাবেক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের দাবি, শিক্ষা জীবনের বিভিন্ন পর্যায়ে তাঁরা মেধাতালিকায় স্থান অর্জন করেছেন। ছাত্রজীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকার কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।
সংশ্লিষ্টদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের চতুর্থ গ্রেডের পদে প্রায় ২০ বছর চাকরি করার পর শিক্ষক হওয়ার আগ্রহ থেকে তাঁরা ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপক পদে যোগ দিয়েছেন। তাঁদের তুলনায় একাডেমিক ফলাফলে পিছিয়ে থাকা এবং ১০ থেকে ১৫ বছরের জুনিয়র অনেকে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন বলেও দাবি করা হয়েছে।
তাঁদের নিয়োগে বিশ্ববিদ্যালয়ের বাজেটে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, তিনজনই আগে থেকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। তাঁদের একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন সম্ভব হবে বলে তাঁদের প্রত্যাশা।
তবে নিয়োগপ্রক্রিয়া ঘিরে বিরোধ ও আইনি জটিলতা তৈরি হয়েছিল। বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের অভিযোগ, একটি পক্ষ নিয়োগ ঠেকাতে পত্রিকায় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে এবং হাইকোর্টে রিট আবেদন করে। বারটান নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত শামসুজ্জোহা নামের এক ব্যক্তি ওই রিট আবেদন করেন বলে তাঁদের দাবি।
সংশ্লিষ্টদের ভাষ্য, ওই রিট আবেদনের কার্যকারিতা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্থগিত করেছেন। বিভ্রান্তিকর তথ্য দিয়ে আদালতে আবেদন করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।

























