নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত হামলা-লুটপাট; পুলিশের টহল সত্ত্বেও আতঙ্কে বাসিন্দারা, রাতে বাড়িতে থাকতে পারছেন না নারীরা। হিন্দু বসতিতে হামলার খবরকে ‘গুজব’ বলছে পুলিশ
দুই বিএনপি নেতার মৃত্যুর পর নড়াইলের কালিয়ার বেন্দারচর গ্রামে প্রতিশোধের আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত গ্রামের ৬০টির বেশি ঘরবাড়ি ও ছয়টি দোকানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। কোথাও ঘরবাড়ি ভেঙে আগুন দেওয়া হয়েছে, কোথাও লুট হয়েছে পরিবারের সঞ্চিত অর্থ ও মূল্যবান জিনিসপত্র। ঘটনার পর গ্রামে পুলিশ ও এসআরবি সদস্যদের টহল জোরদার করা হলেও আতঙ্ক কাটেনি বাসিন্দাদের।
বুধবার (১৮ নভেম্বর) বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনায় কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা এবং কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম নিহত হন। ওই হামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত ছিলেন বলে অভিযোগ বিএনপির।
এর দুই দিন পর শুক্রবার বেন্দারচর গ্রামে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব ঘটনার জন্য বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা দায়ী। তবে বিএনপি নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন।
ঘরবাড়ি পুড়েছে, লুট হয়েছে টাকাপয়সা
সরেজমিনে বেন্দারচর গ্রামে অন্তত ৬০টি বাড়ি ও ছয়টি দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন দেখা গেছে। কোনো কোনো বাড়িতে একসঙ্গে ভাঙচুর, আগুন ও লুটপাট চালানো হয়েছে। আবার কিছু বাড়িতে শুধু ভাঙচুর ও অগ্নিসংযোগ কিংবা শুধু লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাসিন্দারা।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মহিবুল্লাহ বিশ্বাস, নাল্লু শেখ, এনায়েত ফকির, বিল্পব বিশ্বাস, সাইফুল্লাহ বিশ্বাস, পরশ বিশ্বাস, কালু বিশ্বাস, শরিফুল বিশ্বাস, দাউদ মোল্যা, আকবর মোল্যা, মোস্তায়িন মোল্যা, কামাল মোল্যা, হারুন মোল্যা, লালচাঁন শেখ, খাজা শেখ, ইলাহি শেখ, হান্নান সিকদার ও আকমান সিকদারসহ অনেকে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বেশির ভাগই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক (মুক্তি) এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমানের অনুসারী।
ঘটনার পর গ্রামের প্রবেশপথ ও ভেতরের বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। পুলিশের পাশাপাশি এসআরবি সদস্যরাও বিভিন্ন পথে টহল দিচ্ছিলেন। এ সময় কয়েকটি পরিবারের সদস্যদের পোড়া ঘর থেকে অবশিষ্ট জিনিসপত্র সরিয়ে নিতে দেখা যায়।
আতঙ্কে রাত কাটছে না নারীদের
হামলার পর বেন্দারচরের ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে কিশোর, তরুণ ও যুবকদের উপস্থিতি কম। তবে নারীদের কেউ কেউ ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ঘর পরিষ্কার করছিলেন। তাঁদের চোখেমুখে ছিল আতঙ্ক।
স্থানীয় বাসিন্দা পারভিন বেগম বলেন, ‘আমাদের সময় যাচ্ছে অনেক কষ্টে। আমরা মহিলারা কেউ বাসায় নিরাপদ না। প্রত্যেকের ভয় ঢুকে গেছে। বাসায় রাতে থাকার মতো কোনো পরিস্থিতি নেই। আমরা বাসায় রাতে থাকি না।’
আরেক বাসিন্দা পিকলু বিশ্বাসের স্ত্রী বলেন, ‘আমাগে মাল-জিনিস, টাকাপয়সা সম্পূর্ণ জিনিস লুটপুটে নিয়ে গেছে। পুলিশ যখন থেকে আইছে, তহন থেকে আমাগে ভয় কুমিছে। কিন্তু তারপরও আমাগে ভয় আছে। নিরাপত্তা নাই।’
ভুক্তভোগীদের অভিযোগ, শুক্রবার বিকেলে হঠাৎ তাঁদের বাড়িঘরে হামলা চালানো হয়। ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগও করা হয়। ঘটনার জন্য তাঁরা বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের দায়ী করেছেন।
দায় অস্বীকার বিএনপির, দায় দিচ্ছে ‘বিক্ষুব্ধ জনতাকে’
তবে হামলা ও লুটপাটে নিজেদের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির স্থানীয় নেতারা। তাঁদের বক্তব্য, বুধবারের হামলায় দুই বিএনপি নেতা নিহত হওয়ার পর তাঁরা শোকাহত। বেন্দারচরে ভাঙচুর, অগ্নিসংযোগ বা লুটপাটের সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই।
কালিয়া পৌর বিএনপির সহসভাপতি রবিউল ইসলামের বাড়ি বেন্দারচরে। তিনি বলেন, ‘বিভিন্ন এলাকার বিক্ষুব্ধ জনতা কিছু ভাঙচুর করছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত। এখন কোনো গোলযোগ নাই।’
তবে কারা হামলা চালিয়েছে, কীভাবে এতগুলো বাড়ি ও দোকানে ক্ষয়ক্ষতি হলো এবং লুটপাটে কারা জড়িত—এসব প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর এখনো মেলেনি।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘এই মুহূর্তে বেন্দারচরের অবস্থা ভালো। শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসআরবিও আমাদের সঙ্গে কাজ করছে। জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘বিএনপির দুই নেতা নিহত ও পরবর্তী ঘটনায় কোনো মামলা এখনো হয়নি। আর সাবেক এমপির আত্মীয়স্বজনদের ৫ থেকে ৬টি পরিবারের ১৫-১৬টি বাড়িঘর আক্রান্ত হওয়ার খোঁজ আমরা পেয়েছি। সবকিছু আমাদের তদন্তের মধ্যে আছে।’
বেন্দা ও বেন্দারচর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব
বেন্দারচরের হামলার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত থেকে ফেসবুকে কালিয়ার বেন্দারচর ও বড় কালিয়ার ঘোষপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর প্রচার করা হয়।
তবে সরেজমিনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বেন্দা ও বেন্দারচর পাশাপাশি দুটি পৃথক গ্রাম। বেন্দা গ্রামে হিন্দু সম্প্রদায়ের বসবাস থাকলেও বেন্দারচরে তাঁদের বসতি নেই। সেখানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর সঠিক নয় বলে স্থানীয়রা জানান।
বেন্দা ও বেন্দারচর গ্রামের মিলনস্থলের একটি মোড়ে কথা হয় বেন্দা গ্রামের বাসিন্দা শ্যামলি পালের সঙ্গে। তিনি বলেন, ‘বেন্দায় ক্ষয়ক্ষতি হয়নি। বেন্দারচরে বহু লোকের ঘরবাড়ি পুড়ায় দেছে।’
নড়াইল জেলা পুলিশের শনিবারের সংবাদ বিজ্ঞপ্তিতেও বলা হয়, বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের যে প্রচার চলছে, তা মিথ্যা ও বানোয়াট। ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসতি নেই।
হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার অভিযোগের বিষয়ে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে এলাকার হিন্দু সম্প্রদায়ের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিএনপি আছে, তাঁরাও বিএনপির সঙ্গে আছেন। ফেসবুকে দুই শতাধিক বাড়িতে হামলার খবরও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি।
ঘোষপাড়ায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা
তবে শুক্রবার রাতে বড় কালিয়া এলাকার ঘোষপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সেখানে বাড়িটিতে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের চিহ্ন পাওয়া গেছে। আশপাশের অন্য কোনো বাড়িতে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
সব মিলিয়ে দুই বিএনপি নেতার হত্যাকাণ্ডের পর বেন্দারচরে একের পর এক বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশের টহল বাড়লেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আতঙ্ক কাটেনি। একই সঙ্গে হামলার প্রকৃত দায়ীদের শনাক্ত, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এবং ঘটনার বিচার নিশ্চিত করার দাবি উঠেছে।






















