গোপালগঞ্জে এমপি বাবরের ব্যক্তিগত ক্লিনিকে হামলা, আসবাবপত্রে আগুন

- সংবাদ প্রকাশের সময় : ১০:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত ক্লিনিক ভাঙচুর করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ পৌর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকার ‘আরাব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৭টার দিকে ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে একদল ব্যক্তি ক্লিনিকটিতে হামলা চালায়। হামলাকারীরা ফেসবুকে লাইভ সম্প্রচার করতে করতে ভবনের ভেতরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
পাঁচতলা ভবনটির নিচতলায় ঢুকে প্রথমে প্যাথলজি বিভাগ, অভ্যর্থনাকক্ষ (রিসিপশন) এবং ডা. কে এম বাবরের ব্যক্তিগত অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরে সেখান থেকে বিভিন্ন আসবাবপত্র বাইরে বের করে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে আসবাবপত্রের পাশাপাশি ভবনের সামনের অংশে থাকা সাইনবোর্ডও পুড়ে যায়।
এ সময় ক্লিনিকের দ্বিতীয় তলায় অবস্থানরত রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলাকারীরা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।






















