নিজস্ব প্রতিবেদক
স্কুলে ভর্তি আবেদন ১ ডিসেম্বর শুরু, লটারি ১৫ ডিসেম্বর
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তৈরি করা ভর্তি-সংক্রান্ত খসড়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি শিগগিরই অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
খসড়া বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর সকাল ১১টায়। অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
ভর্তির আবেদন শুরুর আগে বিদ্যালয়গুলোর তথ্য হালনাগাদের নির্দেশনাও দেওয়া হয়েছে। সারা দেশের সরকারি বিদ্যালয়গুলোকে আগামী ২০ থেকে ২৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত সফটওয়্যারে নিজ নিজ প্রতিষ্ঠানের তথ্য আপলোড করতে হবে। এ প্রক্রিয়া শেষ হওয়ার পর ১ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে।
এবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণের ক্ষেত্রেও নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিটি বিদ্যালয়ের সংলগ্ন সর্বোচ্চ তিনটি প্রশাসনিক বা পুলিশ থানাকে ক্যাচমেন্ট এরিয়া হিসেবে বিবেচনায় নেওয়া হবে।























