তারেক রহমানের নেতৃত্বে রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

- সংবাদ প্রকাশের সময় : ১১:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, তারেক রহমান নিজেই সবাইকে শেখাচ্ছেন কীভাবে জনগণের জন্য কাজ করতে হয় এবং জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হয়।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ মিনারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণ তাঁদের যে দায়িত্ব দিয়েছে, তা নিয়মের মধ্যে থেকে যথাযথভাবে পালন করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার অর্থ মানুষের সেবা করা এবং এলাকার উন্নয়নে কাজ করা। এ জন্য নেতাকর্মীদের দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে।
৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, স্বাধীনতার পর মানুষ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বাক্স্বাধীনতা ফিরে পাওয়ার আশা করেছিল। কিন্তু তাঁর অভিযোগ, শেখ মুজিব মানুষের বাক্স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন এবং রাজনৈতিক নেতাকর্মীদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড চালানো হয়েছিল। এসব অনাচারের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়ে সিপাহী-জনতার বিপ্লব ঘটায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ওই বিপ্লবের মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথ তৈরি হয়।
বক্তব্যে রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ডিসেম্বরে একটি দলের নেত্রী দেশে আসবেন বলে শোনা যাচ্ছে। তাঁর ভাষ্য, স্বাধীনতার পর অনেক গণআন্দোলন হলেও এবারের আন্দোলনে ওই দলের নেতাকর্মীরা যে অবস্থায় ছিলেন, সেভাবেই দেশ ছেড়ে পালিয়েছেন। তাঁদের দেশে ফিরতে হলে বিষয়টি সহজ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ওই পক্ষের বক্তব্যকে গ্রামের ভাষায় ‘ফাঁকা আওয়াজ’ বলা যায়। তাদের সম্ভাব্য ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে টুকু বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই ষড়যন্ত্রে সফল হতে পারবে না।
দলীয় নেতাকর্মীদের মূল্যায়নের আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে পর্যায়ক্রমে মূল্যায়ন করা হবে। কেউ মূল্যায়নের বাইরে থাকবেন না। তবে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবে পালন করতে হবে। কারও কর্মকাণ্ডে যেন দল বদনামের মুখে না পড়ে কিংবা সাধারণ মানুষ দুর্ভোগে না পড়ে, সেদিকে সতর্ক থাকতে হবে।
টাঙ্গাইলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণকে সর্বোচ্চ উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা হবে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। এসব অপরাধে যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব।
এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।























