ঝালকাঠিতে পলিটেকনিকের ভিত্তিপ্রস্তর, দক্ষ জনশক্তি গড়ার প্রত্যাশা

- সংবাদ প্রকাশের সময় : ০৫:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শহরতলীর প্রতাপ এলাকায় প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০২৮ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদার ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য মিজ ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির গাজী এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্নেহলতা রায়সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, এ প্রতিষ্ঠান থেকে স্থানীয় শিক্ষার্থীরা জ্ঞানভিত্তিক কারিগরি শিক্ষা অর্জনের সুযোগ পাবে। এর মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থানের পথ তৈরি হবে। পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং এলাকার শিক্ষার মানোন্নয়নেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, পলিটেকনিক ইনস্টিটিউটটি চালু হলে ঝালকাঠি ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা নিতে দূরবর্তী জেলায় যেতে হবে না। স্থানীয় পর্যায়েই উচ্চতর কারিগরি শিক্ষার সুযোগ তৈরি হবে, যা দক্ষ জনশক্তি গঠন ও কর্মসংস্থান সম্প্রসারণে সহায়ক হতে পারে।
























