দুই ঈদে টানা ছুটি, ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি

- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর ঈদুল ফিতরে টানা পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। দুই ঈদেই ছুটির আগে ও পরে মিলিয়ে দীর্ঘ অবকাশের সুযোগ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে গত সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে এক দিন সাধারণ ছুটির পাশাপাশি নির্বাহী আদেশে চার দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। ঈদের আগে দুই দিন এবং পরে দুই দিন এ ছুটি থাকবে। সব মিলিয়ে ঈদুল ফিতরে মোট পাঁচ দিন সরকারি ছুটি পাবেন চাকরিজীবীরা।
অন্যদিকে, ঈদুল আজহায় এক দিন সাধারণ ছুটির সঙ্গে নির্বাহী আদেশে আরও পাঁচ দিন ছুটি থাকবে। এর মধ্যে ঈদের আগে দুই দিন এবং পরে তিন দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। ফলে এ উপলক্ষে টানা ছয় দিনের ছুটি মিলবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৭ সালে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি ১৫ দিন নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে আগামী বছর মোট সরকারি ছুটি থাকবে ২৯ দিন। এর মধ্যে সাত দিন শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যত সরকারি কর্মচারীরা ছুটি পাবেন ২২ দিন।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এ ছুটির তালিকা দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রে কার্যকর হবে।

























