ফুডপান্ডা কার্যালয়ের সামনে রাইডারদের বিক্ষোভ, পারিশ্রমিক ও নীতিমালা সংস্কারের দাবি

- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ন্যায্য ডেলিভারি চার্জ, যৌক্তিক পারিশ্রমিক ও স্বচ্ছ নীতিমালার দাবিতে ফুডপান্ডার প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির রাইডাররা। পেনাল্টি ও অ্যাকাউন্ট সাসপেনশন ব্যবস্থার সংস্কারের পাশাপাশি বীমা ও নিরাপত্তাসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।
বৃহস্পতিবারের কর্মসূচিতে অংশ নেওয়া রাইডাররা অভিযোগ করেন, দীর্ঘ সময় রাস্তায় কাজ করেও আগের মতো আয় করা সম্ভব হচ্ছে না। বিপরীতে বেড়েছে জ্বালানি, যানবাহন মেরামত, মোবাইল ডাটা ও অন্যান্য কাজের খরচ। ফলে অ্যাপে প্রদর্শিত আয় এবং সব ব্যয় বাদ দেওয়ার পর প্রকৃত উপার্জনের মধ্যে তৈরি হচ্ছে বড় ব্যবধান।
রাইডারদের দাবি, ডেলিভারি চার্জ, পারিশ্রমিক, ইনসেনটিভ ও বোনাসের কাঠামো আরও স্বচ্ছ করা প্রয়োজন। একই সঙ্গে লেট ফি, পেনাল্টি এবং অ্যাকাউন্ট সাসপেনশনের মতো ব্যবস্থাগুলো নিয়েও তারা অসন্তোষ প্রকাশ করেন।
বিক্ষোভে রাইডারদের হাতে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এতে লেখা ছিল—‘গরিবের পেটে লাথি আর কতদিন?’, ‘কথা বললেই চাকরি নেই’, ‘আয় কম, খরচ বেশি—সঙ্গে লেট ফি, জরিমানা আর নিয়মের বেড়াজাল’সহ নানা স্লোগান।
রাইডাররা বলেন, বর্তমান জ্বালানি ও পরিচালন ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে ডেলিভারি পারিশ্রমিক পুনর্নির্ধারণ করতে হবে। পাশাপাশি ইনসেনটিভ ও বোনাসের হিসাব স্পষ্ট করা, পেনাল্টি ব্যবস্থায় যৌক্তিকতা আনা এবং অ্যাপভিত্তিক নীতিমালা সহজ ও পরিষ্কার করার দাবি জানান তারা।
তাদের আরও দাবি, দায়িত্ব পালনকালে কোনো রাইডার দুর্ঘটনার শিকার হলে বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়লে তার জন্য পর্যাপ্ত বীমা ও নিরাপত্তা সুবিধা নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন রাইডার বলেন, ফুডপান্ডার সঙ্গে কাজ চালিয়ে যেতে তাদের আপত্তি নেই। তবে পারিশ্রমিক, কাজের নিয়ম এবং নিরাপত্তার ক্ষেত্রে ন্যায্যতা ও স্বচ্ছতা না থাকলে এই পেশায় টিকে থাকা দিন দিন কঠিন হয়ে পড়ছে।
পরে ফুডপান্ডা কর্তৃপক্ষ আলোচনার জন্য ৫ থেকে ৬ জন রাইডারকে প্রধান কার্যালয়ের ভেতরে নিয়ে যায় বলে কর্মসূচিতে অংশ নেওয়া রাইডাররা জানান। তাদের ভাষ্য, সেখানে রাইডারদের উত্থাপিত বিভিন্ন দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে।



























