হড়পা বানে ভেসে আসা টাকাভর্তি ব্যাগ নিয়ে কাড়াকাড়ি! তথ্যযাচাইয়ের পর প্রকাশ্যে অন্য সত্য

- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বিপর্যস্ত নেপাল। তিব্বত সংলগ্ন নেপালের রাসুয়া ও নুয়াকোট জেলা ডুবে রয়েছে কাদাগোলা জলে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসাবশেষ। তারই মধ্যে বেশ কিছু মানুষ ভাগ্যান্বেষণে ব্যস্ত। বন্যার জল নেমে যাওয়ার পর, কিছু লোক স্রোতে ভেসে আসা জিনিসপত্রের খোঁজে নদীতে ঘুরে বেড়াচ্ছেন। তেমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়েছে। ভিডিয়োটি পোস্ট করে দাবি করা হয়েছে যে এটি নেপালের বিপর্যয়ের পরের ঘটনা। দেখা গিয়েছে, জলে ভেসে আসা এক ব্যাগের জন্য ঝাঁপিয়ে পড়ছেন কয়েক জন কিশোর। ব্যাগ খুলতেই বিশেষ প্রাপ্তি। ভিডিয়োয় দেখানো ঘটনাটি সত্য হলেও এটি কি আদতে নেপালের? সেই তথ্য যাচাই করেছে আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীতে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কয়েক জন কিশোর। জলে ভেসে আসা জিনিসপত্র খুঁজতেই এই অভিযান। নদীর ঘোলা জলে একটি কালো রঙের ব্যাগ ভেসে আসতে দেখে দ্রুত সেটিকে হাত বাড়িয়ে তুলে নেয় এক কিশোর। ব্যাগ খুলতেই সকলের মুখে হাসি ফুটে ওঠে। ব্যাগের ভিতর হাত চালিয়ে এক কিশোর এক তাড়া ভিজে ৫০০ টাকার নোট বার করে আনে। কাদামাখা নোটগুলি জলে ধুয়ে নিয়ে নিজের কাছে রেখে দেয় সে। আর এক কিশোরের ভাগ্য ততটা প্রসন্ন নয়। কয়েকটি ৫০০ টাকার নোটই হাতে পায় সে। অপ্রত্যাশিত লক্ষ্মীলাভে সকলেই খুশিতে হেসে ওঠে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভিডিয়োটি নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের পরে বলে দাবি করা হলেও আনন্দবাজার ডট কমও তথ্যযাচাই করে দেখেছে, সেটি আসলে ভারতের। ২০২৪ সালের যমুনা নদীর ঘটনা সেটি। স্থানীয় ভারতীয় বিষয়স্রষ্টা (কন্টেন্ট ক্রিয়েটর)-দের দ্বারা তৈরি একটি সাজানো বা চিত্রনাট্যনির্ভর স্বল্পদৈর্ঘ্যের ভিডিয়ো। এটি তখনও ভাইরাল হয়েছিল। ভিডিয়োটি কোনও ভাবেই নেপালের নয়। ভিডিয়োটি এক্স এবং ইনস্টাগ্রামের একাধিক অ্যাকাউন্ট থেকে শেয়ার করার পর প্রচুর মানুষ তা দেখেছেন। নেটাগরিকদের নানা ধরনের প্রতিক্রিয়ায় ভরে উঠছে মন্তব্য বিভাগ।



















