‘স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে’

- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার ভাষ্য, বর্তমান সরকারের সময়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়নি।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর তথ্য ভবনে ‘সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করেন। সেই নীতির ভিত্তিতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করেছে সরকার। তবে স্বাধীনতার সুযোগ নিয়ে অপসাংবাদিকতা, ব্ল্যাকমেইলিং কিংবা চাঁদাবাজির সংস্কৃতি গড়ে উঠছে কি না, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ভুয়া নিউজ পোর্টাল ব্যবহার করে অপপ্রচার ও চাঁদাবাজির অভিযোগ নিয়মিতই আসছে। এসব অপতৎপরতা বন্ধ করা পেশাদার সাংবাদিকদের স্বার্থেই জরুরি।
‘সাংবাদিকের কাজ ক্ষমতাকে প্রশ্ন করা’
রাজনীতি ও সাংবাদিকতার সম্পর্ক তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য জনগণের সেবা করা। আর সাংবাদিকদের দায়িত্ব হলো—ক্ষমতা জনগণের কল্যাণে ব্যবহৃত হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলা।
তবে সাংবাদিকতার আড়ালে যারা ফ্যাসিবাদের সহযোগিতা করেছে, গুম-খুন কিংবা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনে সহায়তা করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
সব ধরনের মিডিয়ায় সংস্কারের উদ্যোগ
সরকার প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মকে নিয়ে একটি আধুনিক, স্বচ্ছ ও সুস্থ ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছে বলেও জানান তথ্যমন্ত্রী।
এ লক্ষ্যে সংবাদপত্রের মালিক, সম্পাদক ও সাংবাদিক নেতাদের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের আলোচনা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সাংবাদিকদের জন্য শক্ত প্রাতিষ্ঠানিক কাঠামোর আহ্বান
সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণ প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকতাকে আধুনিক শ্রম ও শিল্প আইনের আওতায় এনে পেশাটির জন্য একটি শক্ত প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করা প্রয়োজন।
একই সঙ্গে সাংবাদিকতার মর্যাদা ও পেশাজীবীদের কল্যাণ নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তালুকদার রুমি। এতে সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহসভাপতি ওমর ফারুক জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




















