র্যাব বিলুপ্ত, আসছে এসআরবি: নতুন আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য তৈরি করা ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত খসড়া আইনটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে।
অভিযোগ নিষ্পত্তিতে নতুন ব্যবস্থা
খসড়া আইনে এসআরবির কার্যক্রম নিয়ে সাধারণ নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ বা সংক্ষোভ নিষ্পত্তির জন্য বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।
এই কমিটির মাধ্যমে ইউনিটের কার্যক্রমসংক্রান্ত অভিযোগের পাশাপাশি সদস্যদের অভ্যন্তরীণ বিষয়ও নিষ্পত্তির সুযোগ থাকবে।
র্যাবের জনবল-সম্পদ যাবে এসআরবিতে
নতুন আইনে বিলুপ্ত হতে যাওয়া র্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ডসহ সংশ্লিষ্ট অন্যান্য সম্পদ এসআরবির কাছে হস্তান্তরের বিধান রাখা হয়েছে।
এ ছাড়া নতুন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত র্যাবের বিভাগীয় কার্যধারার জন্য বিদ্যমান বিধিমালা প্রয়োজনীয় অভিযোজন করে বহাল রাখার ব্যবস্থাও রাখা হয়েছে।
অর্থাৎ র্যাব বিলুপ্ত হলেও এর বিদ্যমান জনবল ও গুরুত্বপূর্ণ সম্পদ নতুন কাঠামোর অধীনে এসআরবিতে স্থানান্তরের মাধ্যমে বিশেষায়িত আইনশৃঙ্খলা ইউনিটের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা করছে সরকার।




















