আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল

- সংবাদ প্রকাশের সময় : ০৯:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর নীতিমালা প্রণয়ন, সমন্বয় এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করবে নতুন এই কমিটি।
তামিমের নেতৃত্বাধীন কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন নামিবিয়া ক্রিকেটের ড. রুডি ভ্যান ভুরেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেবজিত সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ।
একই সভায় আইসিসি গভর্ন্যান্স রিভিউ কমিটি নামে আরেকটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এর চেয়ারম্যান হয়েছেন বিসিসিআইয়ের দেবজিত সাইকিয়া। কমিটির সদস্য হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ড. মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক ড. রোজ রিভাজ।
বার্ষিক সভায় আইসিসি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। মরিশাসকে সংস্থাটির ১১১তম সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি ক্যারিবীয় অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ অনুমোদন করা হয়েছে।
এছাড়া ক্রিকেট কানাডার স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য পুনর্বহালের শর্ত অনুমোদন করা হলেও সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তাদের নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে।
সভায় শ্রীলঙ্কা ক্রিকেটের সংবিধান সংস্কারের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে আইসিসি। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আইসিসি বোর্ডে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রতিনিধিত্ব স্থগিত রাখার সিদ্ধান্তও বহাল রয়েছে।
এদিকে নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবালকে বাংলাদেশের ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।
অন্যদিকে সদস্যপদের শর্ত লঙ্ঘনের অভিযোগে ফ্রান্স ক্রিকেটকে ‘অন নোটিশে’ রাখার সিদ্ধান্তও অনুমোদন করেছে আইসিসির বার্ষিক সাধারণ সভা।





















