প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন

- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলা হবে। তিনি বলেন, মানবিক মূল্যবোধসম্পন্ন, আধুনিক ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে সরকার একটি সময়োপযোগী শিক্ষাব্যবস্থা বিনির্মাণে কাজ করছে।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
মাহদী আমিন বলেন, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠানে অংশ নেওয়া শিশু শিক্ষার্থীদের উপস্থিতি এবং প্রধানমন্ত্রীর প্রতি তাদের ভালোবাসা প্রমাণ করে, একজন দূরদর্শী নেতৃত্ব রাষ্ট্রের মানুষের ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। তাঁর নেতৃত্বে দেশের শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠন করে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে শিক্ষার্থীরাই হবে আগামী বাংলাদেশের নির্মাতা।”
উপদেষ্টা আরও বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যা শিক্ষার্থীদের প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম করে তুলবে এবং ভবিষ্যতের নেতৃত্ব গ্রহণের যোগ্যতা সৃষ্টি করবে।
তিনি বলেন, দেশের প্রতিটি জেলা থেকে আসা শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা, বিতর্ক প্রতিযোগিতা এবং ধর্মীয় গ্রন্থ পাঠে অংশ নিয়ে তাদের মেধা ও প্রতিভার পরিচয় দিয়েছে। এটি দেশের শিক্ষা ব্যবস্থার সম্ভাবনার একটি ইতিবাচক দিক।
প্রধানমন্ত্রীর উন্নয়ন ভাবনার প্রসঙ্গ তুলে মাহদী আমিন বলেন, নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে আজ দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে প্রায় দুই লাখ গাছের চারা রোপণ করা হয়েছে, যা পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে শিক্ষার্থীরা মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও আদর্শে গড়ে উঠবে এবং দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের সুনাম বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল করবে।




















