‘সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার’—ভারত থেকে দেওয়া হুঁশিয়ারির জবাবে আইনমন্ত্রীর কড়া বার্তা

- সংবাদ প্রকাশের সময় : ১০:১৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
ভারতে অবস্থান করে দেওয়া রাজনৈতিক বক্তব্য বা আত্মসমর্পণের ঘোষণায় কোনো আইনি সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশের প্রচলিত আইনে দণ্ডপ্রাপ্ত আসামিদের আত্মসমর্পণের সুযোগ নেই। তারা দেশের সীমান্তে প্রবেশ করলেই আইন অনুযায়ী গ্রেপ্তার হবেন।
মঙ্গলবার (১৪ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৪তম কার্যদিবসে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, “আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুঙ্কার দেওয়া হচ্ছে, বলা হচ্ছে আত্মসমর্পণ করবেন। আমি স্পিকারের মাধ্যমে জাতিকে জানাতে চাই, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। আইনের দৃষ্টিতে তারা দণ্ডপ্রাপ্ত আসামি। সীমান্তে প্রবেশের সঙ্গে সঙ্গেই তারা গ্রেপ্তার হবেন। প্রতিটি হুমকি আমাদের আরও ঐক্যবদ্ধ করবে।”
জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলার অগ্রগতি তুলে ধরে তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত ১৬টি তদন্ত শেষ হয়েছে। এর মধ্যে ১২টির তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং চারটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। আবু সাঈদ হত্যা মামলাসহ তিনটি মামলার রায় ইতোমধ্যে হয়েছে বলেও জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, ট্রাইব্যুনালে জমা পড়া ৫৯০টি অভিযোগের মধ্যে ১০৯টি মামলা প্রসিকিউশন বাছাই করেছে। এর মধ্যে ৪৩টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে এবং ছয়টি মামলার বিচার সম্পন্ন হয়েছে। এসব মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩৫ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে। একজন রাজসাক্ষী খালাস পেয়েছেন। বর্তমানে ২৬টি মামলা বিচারাধীন এবং চারটি মামলা রায়ের অপেক্ষায় রয়েছে।
তিনি আরও জানান, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং দেশের বিভিন্ন জেলায় সংঘটিত জুলাইয়ের সহিংসতার ঘটনাও তদন্তাধীন রয়েছে।
জুলাইয়ের চেতনা নিয়ে বিভেদ সৃষ্টির রাজনীতি না করার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, এ ইস্যুতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তিনি সবাইকে জুলাইয়ের চেতনা ধারণ করে কর্মসংস্থান, কৃষি, সামাজিক নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রাজনৈতিক মিত্রদের উদ্দেশে তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্য ধরে রাখতে হবে। পরীক্ষিত রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে ভবিষ্যতেও একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আইনমন্ত্রী।




















