সেমি জ্বরে কাঁপছে বিশ্বকাপ, ফরাসি বধের হ্যাটট্রিকের হাতছানি স্পেনের

- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বিশ্বকাপের সেমিফাইনালকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। ডালাসে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। মাঠের লড়াইয়ের পাশাপাশি দুই দলের খেলোয়াড়দের বক্তব্য এবং কৌশল নিয়েও চলছে জোর আলোচনা।
স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল ম্যাচের আগে আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ফ্রান্সের বিপক্ষে ভালো ফল করায় তাদের ওপরই বেশি চাপ থাকবে।
ইয়ামাল বলেন, “ফ্রান্স বিশ্বের অন্যতম সেরা দল। তবে ভয় পাওয়ার কিছু নেই। শেষ দুই ম্যাচে আমরা ওদের হারিয়েছি। তাই চাপটা আমাদের নয়, তাদের ওপরই বেশি। আমরা মাঠে নামি শুধু জয়ের লক্ষ্য নিয়েই।”
তিনি আরও দাবি করেন, স্পেনের রক্ষণভাগ কিলিয়ান এমবাপেকে সামাল দেওয়ার জন্য প্রস্তুত।
অন্যদিকে, ইয়ামালের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ফরাসি শিবির। ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে বলেন, “সে যা খুশি বলতে পারে। আমরা এসব নিয়ে ভাবছি না।”
ফরাসি কোচ দিদিয়ের দেশঁও দল নিয়ে আশাবাদী। চোট কাটিয়ে মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনির ফেরার সম্ভাবনায় শক্তি বেড়েছে তাদের। একই সঙ্গে শুরুর একাদশে কিছু পরিবর্তনের কথাও ভাবছেন তিনি।
অন্যদিকে, স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে অনুশীলনে বিশেষভাবে এমবাপেকে ঠেকানোর কৌশল নিয়ে কাজ করেছেন বলে জানা গেছে। ফরাসি তারকার গতি ও আক্রমণ সামাল দিতে রক্ষণভাগের বিশেষ প্রস্তুতি নিয়েছে স্পেন।
ম্যাচের আগে কিলিয়ান এমবাপে অবশ্য বরাবরের মতোই সংযত। তিনি বলেন, “স্পেনের বিপক্ষে ম্যাচটাই এখন পর্যন্ত আমাদের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। আমরা সব দিক থেকেই প্রস্তুত।”
সাম্প্রতিক সময়ে স্পেন ফ্রান্সের বিপক্ষে ধারাবাহিক সাফল্য পেয়েছে। এবারও সেই ধারা ধরে রেখে টানা তৃতীয় জয় তুলে নিয়ে ফাইনালে ওঠাই তাদের লক্ষ্য। অন্যদিকে, এমবাপেদের লক্ষ্য স্পেনের সেই অগ্রযাত্রা থামিয়ে আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়া।




















