তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ

- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে
চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত, নতুন পরীক্ষার সূচি প্রকাশ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তরা ও আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে পরীক্ষা শেষে উত্তরা বিএনএস সেন্টার এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হন। পরে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা সচিবালয় অভিমুখে লংমার্চের প্রস্তুতি নেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে বহু পরীক্ষার্থী চরম ভোগান্তির শিকার হয়েছেন। তাই পরীক্ষা সাময়িক স্থগিত করে নতুন সময়সূচি ঘোষণা এবং তাদের তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।
উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী শেখ রিফাত বলেন, বন্যা ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছেন না। এতে সমান সুযোগ নিশ্চিত হচ্ছে না। এ কারণে পরীক্ষা স্থগিত করে নতুন সূচি প্রকাশের দাবি জানান তিনি।
এদিকে শিক্ষার্থীদের অবস্থান ও মিছিলকে ঘিরে উত্তরা বিএনএস সেন্টার, আজমপুর, জসিমউদ্দীনসহ আশপাশের সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। কয়েকটি স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, এর আগে একই দাবিতে রাজধানীর সায়েন্সল্যাবসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণের ঘোষণা না আসায় বুধবার সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়। এ কর্মসূচিকে ঘিরে উত্তরা ও সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।




















