জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

- সংবাদ প্রকাশের সময় : ০৩:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িত কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই অভ্যুত্থানে শহীদদের গণকবর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত বিভাগ যৌথভাবে ১১৪ জন শহীদের কবর সরেজমিনে পরিদর্শন করে।
চিফ প্রসিকিউটর বলেন, “যারা মনে করছেন এই হত্যাকাণ্ড ঘটিয়ে তারা পার পেয়ে গেছেন, তাদের সেই ধারণা সম্পূর্ণ ভুল। গণহত্যার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।”
তিনি জানান, এ পর্যন্ত প্রায় ৮৬৫ জন শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি শহীদদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত ও তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখিত সংখ্যার চেয়েও শহীদের প্রকৃত সংখ্যা বেশি হতে পারে বলেও ধারণা প্রকাশ করেন তিনি।
আমিনুল ইসলাম আরও জানান, তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে প্রসিকিউশন ও তদন্ত দল পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মাতুয়াইলসহ বিভিন্ন এলাকার গণকবর পরিদর্শন করবে।
এ ছাড়া, যেসব পরিবার এখনো তাদের স্বজনের মরদেহ শনাক্ত করতে পারেননি, তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “প্রত্যেক শহীদের পরিচয় শনাক্ত এবং গণহত্যার পূর্ণাঙ্গ চিত্র উদঘাটনে আমাদের তদন্ত অব্যাহত থাকবে।”




















