শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম

- সংবাদ প্রকাশের সময় : ০৯:০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে প্রায় দেড় ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন শেষে আজকের মতো আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। তবে দাবি পূরণে বুধবার রাত ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে নতুন কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবরোধ তুলে নিয়ে কর্মসূচি স্থগিত করেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেই আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে তাদের একমাত্র দাবি হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
তিনি ঘোষণা দেন, বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর আড়াইটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন।
বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন আন্দোলনকারীরা। সেখানে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাগ মোড়ে গিয়ে পুনরায় অবরোধ কর্মসূচি শুরু করেন। পরে সন্ধ্যায় কর্মসূচি স্থগিত ঘোষণা করে শাহবাগ ত্যাগ করেন।




















