বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে

- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল ম্যাচে জাঁকজমকপূর্ণ হাফটাইম শো আয়োজনের পরিকল্পনা করছে ফিফা। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সুপার বোলের আদলে এই আয়োজন করতে চায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এ কারণে ম্যাচের বিরতি প্রচলিত ১৫ মিনিটের পরিবর্তে প্রায় ২৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত হতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে বিশ্বের জনপ্রিয় কয়েকজন সঙ্গীতশিল্পী অংশ নিতে পারেন। বিভিন্ন প্রতিবেদনে জাস্টিন বিবার ও শাকিরার নামও উঠে এসেছে। তবে শিল্পীদের তালিকা কিংবা অনুষ্ঠানের চূড়ান্ত সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ফিফা।
এর আগে ক্লাব বিশ্বকাপের ফাইনালেও বিশেষ সাংস্কৃতিক আয়োজনের জন্য প্রায় ২৫ মিনিটের বিরতি রাখা হয়েছিল। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় বিশ্বকাপের ফাইনালেও একই ধরনের আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
তবে বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি (IFAB) দীর্ঘদিন ধরেই ম্যাচের বিরতি ১৫ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখার পক্ষে অবস্থান নিয়েছে। অতীতে বিরতির সময় বাড়ানোর বিভিন্ন প্রস্তাবও সংস্থাটি নাকচ করেছিল। ফলে বিশ্বকাপ ফাইনালে দীর্ঘ বিরতি কার্যকর হলে সেটি হবে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ হাফটাইম ম্যাচের গতি ও ছন্দে প্রভাব ফেলতে পারে। বিরতির পর খেলোয়াড়দের শারীরিক ছন্দ ফিরে পেতে অতিরিক্ত সময় লাগতে পারে, যা ম্যাচের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। কোচদের জন্যও এটি হবে নতুন ধরনের কৌশলগত চ্যালেঞ্জ।
শুধু সঙ্গীতানুষ্ঠান নয়, হাফটাইম শোতে জনপ্রিয় শিশুতোষ চরিত্র ‘সেসেমি স্ট্রিট’ ও ‘দ্য মাপেটস’-এর কিছু চরিত্রও অংশ নিতে পারে বলে জানা গেছে।
এদিকে হাফটাইম শোর টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে দেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে ১০০ মিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে ফিফা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে এ তহবিলে ৫০ মিলিয়ন ডলারের বেশি অর্থ সংগ্রহ হয়েছে।




















