বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত মৌলভীবাজার

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
টানা বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজার জেলার অধিকাংশ নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জেলার পাঁচটি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে তিনটিতে নদীর পানি ইতোমধ্যে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আর বাকি দুটি পয়েন্টে পানি বিপদসীমার নিচে থাকলেও ক্রমাগত বাড়ছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী মনু নদীর পানি রেলওয়ে ব্রিজ ও চাঁদনীঘাট—উভয় পয়েন্টে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে ধলাই নদীর পানি রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে, শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার ৩১ সেন্টিমিটার নিচে থাকলেও তা দ্রুত বাড়ছে।
মনু ও ধলাই নদীর পানি ইতোমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। পাশাপাশি কুশিয়ারা ও জুড়ী নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে জেলার নিম্নাঞ্চলে বন্যার আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।এদিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া, বড়লেখা,জুড়ী ও কমলগঞ্জের ধলাই নদীর বিপদসীমা অতিক্রম করে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে।ইসলামপুর ইউনিয়নের মোকাবিল এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেংগে ২৪টি গ্রাম বন্যায় প্লাবিত হয়।


















